দেওয়ানগঞ্জ উপজেলার ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাজাহান আলীসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি সদস্যরা গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়ানগঞ্জ উপজেলা শাখায় যোগদান করেছেন।দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ, দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত-এর হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় এম. রশিদুজ্জামান মিল্লাত হাসিমুখে সাদরে তাদের দলে বরণ করে নেন।যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন,ছাত্র-জনতার ২৪শে গণঅভ্যুত্থান ও ৫ই আগস্ট বিজয়ের পর দেশ যখন উত্তাল ছিল, তখন আমার নির্দেশনায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের বিএনপি নেতৃবৃন্দ এবং আপামর সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করেছে। এ কারণেই দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের জনগণ আমার আস্থা, আমার আপনজন।তিনি আরও বলেন,সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করে অতীতের ধারাবাহিকতায় উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, বেকারত্ব হ্রাস পাবে, নদী শাসনের মাধ্যমে কৃষকের জমি রক্ষা পাবে এবং মানুষের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সাইদ বিন আনোয়ার সজীব, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মনজু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।